
চিটাগং ট্রিবিউন ডেস্ক
চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার, উচ্চ শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার মোটরসাইকেলচালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শোডাউন শুরুর আগে টাউন ফুটবল মাঠ এলাকায় সাইলেন্সারবিহীন মোটরসাইকেল স্টার্ট দিয়ে উচ্চ শব্দ সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইলেন্সারবিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে পৃথক চারটি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইলেন্সাবিহীন মোটরসাইকেল নিয়ে উচ্চ শব্দের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছিল। পাশাপাশি চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এসব অনিয়মের কারণে চারটি মোটরসাইকেল আটক করা হয়। এরপর পৃথক চারটি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।