সোমবার, জুন ১, ২০২৬

এ বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রবিবার মারা যাওয়া এই দুই ব্যক্তিসহ চলতি মৌসুমে হজ পালনকালে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্যানুযায়ী, সদ্য মৃত দুই হাজি হলেন নওগাঁর মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের মো. শাহজাহান আলী। তাদের মধ্যে আবদুল মজিদ মদিনায় এবং শাহজাহান আলী মক্কায় মারা যান।
এখন পর্যন্ত মারা যাওয়া ৪১ জন বাংলাদেশি হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। স্থানভেদে তাদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং বাকি ১১ জনের মৃত্যু হয়েছে মদিনায়।
এদিকে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরেছেন। উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ এপ্রিল শুরু হওয়া হজযাত্রী পরিবহনের ফ্লাইট শেষ হয় ২১ মে। পরবর্তীতে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি মুসল্লি পবিত্র এই হজ পালনে অংশ নিয়েছেন।

সর্বাধিক পঠিত