বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

চিটাগং ট্রিবিউন ডেস্ক
শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে মো. হাছান আলী (৫০)। এই ঘটনায় তাদের একটি গরুও বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুধকুড়া গ্রামের বোরো আবাদের একটি বৈদ্যুতিক সেচ লাইন সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে থাকে। সোমবার হাছান আলীর একটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় ছিঁড়ে পড়ে থাকা ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। গরুটিকে ছটফট করতে দেখে হাছান আলী দ্রুত সেটিকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ছেলের চিৎকার শুনে পাশে থাকা বৃদ্ধা মা হাওয়া বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু কোলে ঢলে পড়েন। একই সঙ্গে ওই গরুটিও মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াবিল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. ওমর আলী বলেন, অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জআমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।