Friday, June 26, 2026

কুতুবদিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারে কুতুবদিয়া সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক এইচ. এম. ইজতেহাদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন, কুতুবদিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোহাং নাজের হোছাইন, রসায়ন বিভাগের প্রভাষক মোতাহেরা বেগম এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সমীর কান্তি দাশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচএসসি পরীক্ষার্থী মো. আরিফুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী টকি রাণী শীল।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তাফহিমা সোলতানা ও ফোরকানুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সাইমুর রহমান, সাবিদুল করিম ও রাকিবুল ইসলাম। বক্তারা কলেজ জীবনের স্মৃতিচারণের পাশাপাশি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
প্রধান অতিথি এটিএম নুরুল বশর চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ রাখতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া শিক্ষার্থীদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি তিনি অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের বাইরে অপ্রয়োজনীয় ভিড় বা জটলা না করার আহ্বান জানান এবং পরীক্ষার দিন যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ প্রদান করেন।
আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

সর্বাধিক পঠিত