পারিবারিক কবরস্থানে দাফন ঘিরে উত্তেজনা, হামলার মামলায় গ্রেপ্তার ১

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কবর খনন নিয়ে বিরোধের জেরে মৃত ব্যক্তির স্বজনদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার (২৭ জুন) অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৫৬) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া নুরুল ইসলাম উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়া মাঝির নতুন বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ জুন ভোরে একই এলাকার বাসিন্দা হাজী মনির আহমেদের মরদেহ দাফনের জন্য পারিবারিক কবরস্থানে কবর খননের প্রস্তুতি নেন স্বজনরা। এ সময় প্রতিবেশী নুরুল ইসলাম ও তার সহযোগীরা ওই জায়গার মালিকানা দাবি করে কবর খননে বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় হামলায় নিহতের ছেলে মো. ওসমান গনি (৪৯) ও মেয়ে নার্গিস আক্তার (৪০) আহত হন। হামলার সময় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরে পারিবারিক কবরস্থানেই হাজী মনির আহমেদের দাফন সম্পন্ন করা হয়।
ঘটনার দুই দিন পর নিহতের ছেলে মো. ওসমান গনি বাদী হয়ে আনোয়ারা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
বাদী ওসমান গনি বলেন, বাবার মৃত্যুর সংবাদ সবার আগে প্রতিবেশী নুরুল ইসলামকেই জানিয়েছিলাম। কিন্তু পারিবারিক কবরস্থানে কবর খনন করতে গেলে তিনি জায়গার মালিকানা দাবি করে বাধা দেন। আমরা আপত্তি জানালে তিনি লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান। স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাই।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।