সোমবার, মে ১১, ২০২৬

ছাত্রদলের নিহত নেতা সাম্যর ভাই এনসিপিতে

চিটাগং ট্রিবিউন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। রোববার ঘোষিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাগর ২০১৭ সালে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানকে ফেসবুকে শ্রদ্ধা জানানোর কারণে বহিষ্কৃত হন। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।

সাগরের ছোট ভাই সাম্য গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করে সংগঠনটি।

ছাত্র আন্দোলনে সাম্যের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আমিরুল ইসলাম সাগরও রাজপথে ছিলেন বলেও জানা গেছে। এনসিপিতে যোগদানের বিষয়ে সাগর বলেন, “২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম না। আমি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন জাতীয়তাবাদী মানুষ। আমার বাবাও ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা। গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদী চেতনায় নতুনভাবে পথচলার ইচ্ছা থেকেই এনসিপিতে যোগ দিয়েছি।”

এনসিপির পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত