মঙ্গলবার, মে ৫, ২০২৬

আওয়ামী লীগের মধ্যে অনুতপ্ত হওয়ার লক্ষণ নেই: শফিকুল আলম

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো “সরি” বলতে শুনেছেন? শহিদের রক্ত নিয়ে ওনারা মস্করা করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্ত হওয়ার লক্ষণ আমরা দেখি না। তাদের বাংলাদেশের সোসাইটিতে কে জায়গা দেবে? খুনিদের কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।’
গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘গণভোটে মানুষ “হ্যাঁ” ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রেডকার্ড দেখাবে। রেডকার্ড দেখাবে ১৬ বছর ধরে যে গুম-খুনের রাজনীতি হচ্ছিল, তার বিরুদ্ধে। তারা “হ্যাঁ” ভোট দিচ্ছেন সুশাসনের জন্য।’
প্রেস সচিব আরও বলেন, ‘এ বছর যে নির্বাচন হচ্ছে, এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের কাছে ভিড়তেই দেয়নি। বিরোধী দলের নেতাদের ধরে যারা যে শহরে আছে, তাদের অন্য শহরে পাঠিয়ে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে।’
এ বছর নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।

সর্বাধিক পঠিত