রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

আধুনিকতার ভিড়ে সাংগ্রাই আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি-কে এস মং

বান্দরবান প্রতিনিধি :
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বটতলী পাড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জলকেলি (মৈত্রী পানিবর্ষণ), সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এস মং।
উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মৌজা হেডম্যান উ: উ হ্লাসিং মারমা। বিশেষ অতিথি ছিলেন পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ: উ হ্লামং মারমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈমং মারমা (শৈবক) এবং রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি উ: উক্যাসিং মারমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কে এস মং বলেন, “বান্দরবান একটি অসাম্প্রদায়িক জেলা, যেখানে সকল জাতিসত্তার মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে। আধুনিকতার ভিড়ে এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি অতিথি আপ্যায়নের জন্য আরও ৮ হাজার টাকা সহায়তা দেন।
মারমা সম্প্রদায়ের এ ঐতিহ্যবাহী উৎসব পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার অনন্য বহিঃপ্রকাশ হিসেবে প্রতীয়মান হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যেখানে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়।
উৎসবে নারী-পুরুষ ও শিশুদের প্রাণচাঞ্চল্যপূর্ণ উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। মৈত্রী পানিবর্ষণের মাধ্যমে একে অপরের প্রতি শুভকামনা বিনিময় ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মারমা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও জীবনধারার চমৎকার উপস্থাপন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংগ্রাই জল উৎসব পার্বত্য চট্টগ্রামের মারমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক ও বর্ষবরণ উৎসব, যা প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পালিত হয়। এ উৎসবের প্রধান আকর্ষণ ‘মৈত্রী পানিবর্ষণ’, যার মাধ্যমে পুরনো বছরের সব গ্লানি ও অশুভ শক্তিকে ধুয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

সর্বাধিক পঠিত