শনিবার, মে ৩০, ২০২৬

ঈদের দিনে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে মা ফুলজান বেগম (৬০) কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) বিকালে উপজেলার পন্ডিতবানা গ্রামের নিজ বাড়ি থেকে হোসেন ওরফে হুসাইনকে (২৮) গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হোসেনকে বিয়ে দেওয়ার পরপরই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করতেন এবং নিজেই রান্নাবান্না করতেন।
ঘটনার দিন সকালে হোসেনের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছ রোপণ করতে যান।  এ সময় পারিবারিক কলহের জেরে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়।  একপর্যায়ে হোসেন কোদাল দিয়ে ফুলজানের মাথায় কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর তিনি পাটক্ষেতে আত্মগোপন করেন। পরে বাড়িতে ফিরে এলে এলাকাবাসী ও গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে আলফাডাঙ্গা থানা পুলিশ।
আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, মা হত্যার ঘটনায় আসামি ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত