Monday, June 29, 2026

কক্সবাজারে উখিয়ার পালংখালী সীমান্তে নাফ নদীতে ভাসিয়ে পাচারকালে ১৫ বস্তা সার সহ ৫ পাচারকারি আটক

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

কক্সবাজারে উখিয়ার পালংখালী সীমান্তে নাফ নদীর সংযোগ খালের পানিতে ভাসিয়ে পাচারকালে ১৫ বস্তা সার সহ পাঁচ পাচারকারিকে আটক করেছে বিজিবি; আটকদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা নাগরিকও রয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর সংযোগ খাল কাটাখাল সীমান্তে এ অভিযান চালানো হয়েছে বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আটকরা হল- উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মো. ইসলামের ছেলে মো. রুবেল (২৩) ও মো. আব্দুর রশিদের ছেলে মো. সিফাত (১৯) এবং কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের লাল মিয়ার ছেলে গুরা মিয়া (৩৮), ঘোনার পাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৮ ব্লকের আবু কালামের ছেলে এহসানুল হক (৩০) ও বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৩০ ব্লকের কাশেম আলীর ছেলে আব্দুল মুনাফ (২৪)।

লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের কাটাখালের কতিপয় লোকজনকে পানিতে ভাসিয়ে কিছু সংখ্যক বস্তা টানতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবি টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তা ফেলে পালানোর সময় ৫ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল ও আশপাশে তল্লাশী চালিয়ে ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত