রবিবার, মে ২৪, ২০২৬

কক্সবাজারে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
‘রবির আলো নজরুলের গান, জাগুক মানবতা জাগুক প্রাণ’— এই প্রতিপাদ্যকে ধারণ করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী-এর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
গান, আবৃত্তি, নৃত্য ও কথামালায় সাজানো অনিন্দ্য সুন্দর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি খোরশেদ আলম। আলোচনা পর্ব সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনির মোবারক। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তিথি পাল এবং তবলায় সঙ্গত করেন অর্ণব ধর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তারা রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সংগীত, মানবতাবাদ এবং অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।
জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না বলেন, “রবীন্দ্রনাথ আমাদের মানবতার সৌন্দর্য শিখিয়েছেন, আর নজরুল শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের সাহস। বর্তমান সময়ে তাঁদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”
কবি আসিফ নুর বলেন, “রবীন্দ্র-নজরুল কেবল দুই কবির নাম নয়, তারা বাঙালির আত্মার দুই দীপ্ত আলো। তাঁদের সাহিত্য ও সংগীত আজও সমাজকে সাম্য, প্রেম ও মানবতার পথে অনুপ্রাণিত করে।”
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি রাধু বড়ুয়া চৌধুরী বলেন, “সংস্কৃতি মানুষকে আলোকিত করে। রবীন্দ্রনাথ ও নজরুলের চর্চার মধ্য দিয়ে একটি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠন সম্ভব।”
সিটি কলেজের প্রভাষক ইপসিতা চক্রবর্তী বলেন, “রবীন্দ্রনাথের দর্শনে রয়েছে বিশ্বমানবতার আহ্বান, আর নজরুলের কণ্ঠে উচ্চারিত হয়েছে সাম্যের জয়গান। তরুণ প্রজন্মকে তাঁদের সাহিত্যচর্চায় আরও মনোযোগী হতে হবে।”
আগন্তুক সাংস্কৃতিক সংসদের জেনি তেরেসা বলেন, “সাম্প্রদায়িকতা ও বিভেদের এই সময়ে রবীন্দ্র-নজরুলের চেতনা সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে পারে।”
বাচিক শিল্পী সায়ন্তন ভট্টাচার্য্য বলেন, “রবীন্দ্রনাথের কবিতায় যেমন সৌন্দর্য ও অনুভূতির গভীরতা রয়েছে, তেমনি নজরুলের কবিতায় রয়েছে প্রতিবাদ ও জাগরণের শক্তি। এই দুই ধারাই বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক কাজী তামজিদ পাশা, অর্থ সম্পাদক আয়াত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিহারিকা ধর আঁখি এবং সদস্য রাহুল বড়ুয়া দৃশ্য, মৌমিতা ভট্টাচার্য্য, মোঃ ইউনুস প্রমুখ।

সর্বাধিক পঠিত