
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়েছে এবং পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শিমরাইল এলাকার এক ড্রেজারচালককে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা চারজন শ্রমিককে আটক করা হলেও তারা ভবিষ্যতে আর অবৈধভাবে মাটি কাটার কাজে জড়াবেন না—মর্মে অঙ্গীকার করায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয় এবং ড্রেজারের পাইপ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় একই স্থানে অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
অভিযান পরিচালনাকারী কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি নষ্ট হয় এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে। কৃষিজমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।