খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে শুভ্রদেব ত্রিপুরার ঈদ উপহার বিতরণ

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ও বর্নাল ইউনিয়নের দু’টি এতিমখানায় অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন, খাগড়াছড়ি সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া’র সৌজন্যে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন।
এ সময় আমতলী ইক্করা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৭ জন এবং বর্নাল ডাকবাংলা ইসলামী শিক্ষা কেন্দ্র ও এতিমখানার ১০ জন শিশুর হাতে নতুন জামা, পাঞ্জাবি ও টুপি তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের উচ্ছ্বাস।
অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে এলে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
উল্লেখ্য, এর আগেও ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছিল, যা এলাকায় প্রশংসিত হয়।