বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

গুগল ম্যাপের সহায়তায় কক্সবাজারে সন্ধান মিলল বরিশালের নিখোঁজ সৌরভের

ঈদগাঁও প্রতিনিধিঃ
বরিশালে নিখোঁজের চারদিন পর ১৪ বছর বয়সী এক শিশুকে কক্সবাজারের ঈদগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।
ভুক্তভোগী শিশু সৌরভ দাশ (১৪) বরিশালের কাউনিয়া থানার ভাটিখানা এলাকার সজল দাশের ছেলে।
এটিএম সিফাতুল মাজদার বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় এক শিশুকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে দায়িত্বরিত পুলিশের সদস্যরা হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানায়, কিন্তু বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা দিতে পারছিল না।
“​ শিশুটি তার এলাকার কিছু ঝাপসা তথ্য দিলে পুলিশ গুগল ম্যাপের সহায়তা নেয়। ম্যাপে একটি বিশেষ ডিপার্টমেন্টাল স্টোর দেখালে সৌরভ সেটি চিনতে পারে। সেই সূত্র ধরে সংশ্লিষ্ট থানার মাধ্যমে যোগাযোগ করা হলে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়।
এদিকে সৌরভ দাশকে উদ্ধারের খবর পেয়ে বুধবার রাতে ঈদগাঁও পৌঁছায় পরিবারের সদস্যরা।
এসময় তারা গণমাধ্যম কর্মিদের জানায়, গত ২ মে দুপুরে সৌরভ বাড়ী থেকে বাজারে গিয়ে খিচুড়ি আনতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন ( ৩ মে ) কাউনিয়া থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০৪) করা হয়।
​বুধবার রাত ৮টার দিকে সৌরভের পরিবারের সদস্যরা ঈদগাঁও থানায় পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তাদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তার স্বজনরা।

সর্বাধিক পঠিত