রবিবার, মে ৩১, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ক্যালেন্ডারের পাতায় আজ ১১ জ্যৈষ্ঠ, বাঙালির এক চির দুঃখী অথচ প্রবল বিদ্রোহীর ১২৭তম জন্মদিন। তিনি প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। প্রায় শতবর্ষ ধরে বাঙালির বিরহ, আনন্দ, সুখ ও দুঃখের সঙ্গী হয়ে আছেন তিনি। সবাই তাঁকে বিদ্রোহী বলে। আবার কেউ বলে প্রেম-সংগীত আর সাম্যের পূজারি।
তবে এসবের মাঝে যে গভীর ব্যথাতুর অধ্যায় তিনি পার করেছেন তার অনেকেটাই রয়ে গেছে নীরবতার আড়ালে। তিনি আমাদের জাতীয় কবি, আমাদের চেতনার বাতিঘর অথচ তার নিজের জীবন যেন এক মহাকাব্যিক ট্র্যাজেডি।
বুকে তার শত জনমের হাহাকার। ভালোবাসার বদলে পৃথিবী দিয়েছে বঞ্চনা, কেউ দেয়নি এতটুকু আশ্রয়। কেন লাল রঙের খোঁজে হাত বাড়াতে হয় রামধনুর দিকে, কেন জোছনার সঙ্গে মেশাতে হয় চন্দনে রং এমন আশ্চর্য উপমায় তিনি সাজিয়েছেন প্রিয়তমার মালা, তবু ধরা দিয়েও দেয়নি ধরা। প্রণয়ে ক্ষতবিক্ষত হয়েছেন বিদ্রোহের নজরুল।
কাব্যের মসৃণ পৃথিবী নয়, জীবন তাঁকে দেখিয়েছে নির্মমতার পাহাড়। সে জীবনে পা ফেলে সমাজ বদলের স্বপ্ন বুকে নিয়ে, হাতে তুলে নিয়েছিলেন কলম। সাহিত্যের সমুদ্রে ঝড় তুললেও স্বপ্ন রয়ে গেছে অধরা।
শত সংগ্রামের মাঝে প্রেম, দ্রোহ আর মানবমুক্তির গান শুনিয়েছেন তিনি। অথচ জীবনের মধ্য গগনে নির্বাক হওয়ার ব্যথা নিয়ে গোপন রয়ে গেছে তার একান্ত অভিমান। আমি চাঁদ নহি ,অভিশাপ!
তার নীরব হওয়ার পর কেটে গেছে বহু বছর, তবু আজও জীবনের সব স্থবিরতার কালে , সংকটে কিংবা গোপন নিশীথে তার কাছেই আশ্রয়।

সর্বাধিক পঠিত