মঙ্গলবার, মে ৫, ২০২৬

টেকনাফে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে নৌবাহিনীর টহল শুরু

কেফায়েত উল্লাহ, টেকনাফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ উপজেলায় নিয়মিত ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী কন্টিনজেন্ট।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে। এ সময় শাপলা চত্বর, বাসস্টেশন, ঝর্ণা চত্বর হয়ে উপজেলা শহীদ মিনারের সামনে পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। বিশেষভাবে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হয়।

টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে। নৌবাহিনীর এই উদ্যোগ নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত