পরিবেশ রক্ষা ও আর্থিক স্বচ্ছলতা অর্জনে লামা ফলজ গাছের চারা বিতরণ

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বান্দরবানে “ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন”-এর উদ্যোগে বিনামূল্যে কলা গাছ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ) সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পরিবারের মাঝে কলা গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির বিশেষ দিক ছিল, শুধু গাছ বিতরণেই সীমাবদ্ধ না থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপকারভোগীদের বাড়ির আঙিনায় গিয়ে নিজ হাতে গাছ রোপণ করে দেন। পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে পরামর্শও প্রদান করেন তারা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলজ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ উপকৃত হবে, অন্যদিকে পরিবারগুলোও ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও
মাতামুহুরি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম খান, একই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শামসুল হক লাইনঝিরি দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শাকিল মাহমুদ রিফাত, মাঈন উদ্দিন, চাঁদ মিয়া, মোঃ সারওয়ার ও আব্দুল মান্নানসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “একটি গাছ শুধু একটি গাছ নয়— এটি একটি প্রাণ, একটি ভবিষ্যৎ।”
তাদের স্লোগান- “আজকের উদ্যোগ, আগামীর নিরাপদ পৃথিবী”।