ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী, সাক্ষাৎ হবে হেফাজত আমিরের সঙ্গে

চিটাগং ট্রিবিউন ডেস্ক
চলতি মাসে চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৫ এপ্রিল তিনি ফটিকছড়ি যাবেন বলে জানা গেছে। তার সফরকালে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব মাওলানা আব্দুল খালেক।
তিনি জানান, আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়িতে আসার কথা রয়েছে। ওই উপজেলার বাবুনগর গ্রামের অবস্থিত হেফাজত আমিরের পরিচালনাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর প্রকাশ বাবুনগর মাদ্রাসায় আসবেন প্রধানমন্ত্রী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বলেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে তারেক রহমানকে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের কথা বলে গিয়েছিলেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৫ এপ্রিল হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজত আমিরের দোয়া নিবেন এবং দেশের সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন।