
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৫০)। তিনি চিৎমরম বড়পাড়া গ্রামের মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে। তার স্থায়ী ঠিকানা চিৎমরম বড়পাড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চাকুয়াপাড়া এলাকায় হঠাৎ একটি বন্যহাতি লোকালয়ে প্রবেশ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন মংখ্যাইচিং মারমা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ব্যক্তি মূলত চিৎমরম বড়পাড়ার বাসিন্দা হলেও ব্যক্তিগত নিরাপত্তার কারণে কিছুদিন ধরে চাকুয়াপাড়া এলাকায় অবস্থান করছিলেন।
এদিকে স্থানীয়রা জানান, এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই বন্যহাতির উপদ্রব রয়েছে। প্রায় ৫-৬ বছর আগে একই পরিবারের বড় ভাই অংহ্লাচিং মারমাও বন্যহাতির আক্রমণে নিহত হন।
ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা বন্যহাতির আক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি চন্দঘোনা থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন – বন্য হাতির আক্রমে এক পাহাড়ি ব্যক্তি মৃত্যু বরন করেন বলে জানতে পেরেছি।