বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

চিটাগং ট্রিবিউন ডেস্ক :
গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে।
তিনি বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।
ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নেত্রী দাবি করেন, এমন বিধান থাকলে গুমের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে না। অতীতে অনেক পরিবার ন্যায়বিচার পায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা আরও বলেন, আইনের চোখে সবাই সমান—এই মৌলিক নীতির সঙ্গে এমন পদক্ষেপ সাংঘর্ষিক। আইন নিরপেক্ষ না হলে তা ক্ষমতাধরদের রক্ষার হাতিয়ার হয়ে দাঁড়ায় এবং সাধারণ মানুষ বঞ্চিত হয়।