
খালেদ মাহবুব খাঁন আরাফাত, বান্দরবান
বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে বান্দরবানে বসবাসরত সকল সম্প্রদায়ের নারী-পুরুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোষাকে অংশ নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ঐতিহাসিক রাজার মাঠ থেকে বান্দরবান সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যােগে র্যালীটি বের করা হয়।
সকাল থেকে বান্দরবানে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠী ও বাঙালী জনগোষ্ঠীর মানুষ বর্ণিল সাজে রাজার মাঠে জড়ো হন। ঐতিহ্যবাহী বাদ্য যন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বান্দরবানে মারমা,ত্রিপুরা,চাকমা,তঞ্চঙ্গ্যা,ম্রো,খুমী, চাক,খেয়াংসহ বিভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে প্রতিবছর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে।
বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নারী নেত্রী ডনাই প্রু নেলী বলেন, সব বাঁধা -বিঘ্ন অতিক্রম করে সাংগ্রাইং উৎসব উদযাপিত হচ্ছে। তিনি জানান, বান্দরবানে ১১টি জাতির জনগোষ্ঠী ও বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের মানুষ মিলেসিশে মারমাদের সাংগ্রাইং উৎসব উপভোগ করছেন।
সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রু মারমা বলেন, আজকে র্যালীর পর বয়স্কপূজা অনুষ্টিত হবে। এছাড়া ১৪এপ্রিল সাঙ্গু নদীতে বুদ্ধ বিম্ব স্নান, ১৫ ও ১৬ এপ্রিল ঐতিহাসিক রাজার মাঠে মৈতা রিলং পোয়েঃ (মৈত্রী পানি বর্ষণ) প্রতিদিন পিঠা তৈরী ও সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা আয়োজন রয়েছে বলে জানান তিনি।
এদিকে ১২এপ্রিল সাঙ্গু নদীতে ফুলনিবেদনের মাধ্যমে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু-বিষু উৎসব শুরু হয়েছে, চলবে ১৪এপ্রিল পর্যন্ত।
সোমবার রাত ব্যাপী রোয়াংছড়ি উপজেলার বেক্ষ্যং মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয়ভাবে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা গোল্ডকাপ টুর্নামেন্ট শেষ হয়েছে।
সাংগ্রাইং উপলক্ষে, পিঠা তৈরী, সাংস্কৃতিক অনুষ্টান এবং মৈত্রী পানি বর্ষণসহ বিভিন্ন আয়োজন চলবে।
সাংগ্রাইং বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেবসহ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
র্যালীটি রাজার মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদকাষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বয়স্ক পুজা অনুষ্টিত হয়। কাল পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যােগে র্যালীর আয়োজন করা হবে।
