বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জাবেদ (১৯) নামে এক যুবকের নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
রোববার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কধুরখীল জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। তিনি নগরীতে মেকানিক্যাল কাজ শিখতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক জাবেদ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা চরণদ্বীপের শরীফপাড়ার মো. সোহান (১৯) আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”