মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস

চিটাগং ট্রিবিউন ডেস্ক
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রধান তারকা লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না কোচ লিওনেল স্কালোনি। সাধারণত ম্যাচের আগে দলের রণকৌশল বা একাদশ নিয়ে চরম গোপনীয়তা বজায় রাখলেও, এবার এক বিশেষ ও ব্যতিক্রমী পরিস্থিতিতে স্বয়ং স্কালোনিই এই চাঞ্চল্যকর তথ্যটি সংবাদমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন।
১৮তম বিশ্বকাপ কভার করতে আসা ৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা ভেঙে মেসির বিষয়ে নিশ্চিত করেন স্কালোনি।
ডালাসে আয়োজিত ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাকায়া শনিবারের ম্যাচের একাদশ এবং বিশেষ করে অধিনায়ক মেসির ভূমিকা কেমন হতে পারে, তা জানতে চান স্কালোনির কাছে। চলতি আসরের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের ব্যাপক আগ্রহ।
পুরোনো ও অভিজ্ঞ এই সাংবাদিককে সামনে দেখে কিছুটা আবেগাপ্লুত হয়ে স্কালোনি বলেন, ‘এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পাওয়াটা সত্যিই দারুণ এক অনুভূতির। আসার জন্য ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ—এটা অবিশ্বাস্য। আপনাকে উত্তর দিতে পারাটা আমার জন্য আনন্দের, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন নিয়মিত আপনাকে দেখতাম। আপনি যখনই কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন কিংবদন্তি। এখনও তাই আছেন।’
এরপরই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন স্কালোনি, ‘আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। লিও (মেসি) এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না, বরং তিনি বেঞ্চে থাকবেন। স্কালোনি স্পষ্ট করেই বলেন, অন্য কেউ এই প্রশ্ন করলে আমি হয়তো এড়িয়ে যেতেন। চিন্তা করবেন না, শুধু আপনার জন্যই এটা বলছি। আপনি সত্যিই এই সম্মানের যোগ্য। তবে পুরো একাদশ এখনই প্রকাশ করবো না। তবে লিওর ব্যাপারটা জানিয়ে দিলাম। লিও পরে মাঠে নামবে। চূড়ান্ত একাদশ আমি ম্যাচের দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো।
মেসির প্রসঙ্গ ছাড়াও বিশ্বকাপে দলগুলোর বৈচিত্র্যময় খেলার ধরন নিয়ে মাকায়ার আরেকটি প্রশ্নের জবাব দেন স্কালোনি। তিনি জানান, ‘আমরা এই বিশ্বকাপে নানা ধরনের ফুটবল দেখছি এবং সব ধরনের খেলাই ফল দিচ্ছে। কেউ স্পেন বা আমাদের মতো বল দখলে রেখে আক্রমণ করছে, কেউ পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ রক্ষণাত্মক কৌশল নিয়েও সফল হচ্ছে। গতকাল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের খুব কঠিন একটি ম্যাচ দেখলাম, যা ০-০ গোলে শেষ হয়েছে। তারা পরের পর্বে উঠেছে এবং কাউকেই সহজে ছাড়বে না।’
বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের মতো বড় একটি দলের পক্ষে খেলার মূল দর্শন বা মৌলিক ধরন পুরোপুরি বদলে ফেলা খুব কঠিন। কারণ এটাই আমাদের আসল পরিচয়। তবে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিবেচনা করে রণকৌশলে কিছু ছোটখাটো পরিবর্তন আনা যায়। তার মতে, জয়ের কোনো একক বা নির্দিষ্ট পথ নেই এবং সব ধরনের কৌশলই সফল হতে পারে, তবে টুর্নামেন্টের শেষ পর্যায়ে কেবল শক্তিশালী দলগুলোই নিজেদের টিকিয়ে রাখতে পারবে।