শনিবার, মে ১৬, ২০২৬

রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়

চিটাগং ট্রিবিউন ডেস্ক

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এছাড়া আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।
এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সর্বাধিক পঠিত