রামুতে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৩ নারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ ইজিবাইকের যাত্রীবেশী তিন নারীকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটকরা হল- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের আলী আকবরের মেয়ে লাইলি বেগম (২৬) এবং একই এলাকার সালেহ আহমেদের মেয়ে গুল বাহার (৩৫) ও ইউসুফ আলীর মেয়ে হাজেরা খাতুন (৬৫)।
পুলিশ জানিয়েছে, আটক নারীরা সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নজর এড়াতে সংঘবদ্ধ মাদক কারবারিরা এসব নারীকে পাচারকাজে ব্যবহার করত।
আ. ম. ফারুক বলেন, শনিবার বিকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিক থেকে ইজিবাইক যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র্যাব। পরে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি ভুতপাড়া এলাকার সড়কে র্যাব সদস্যরা অস্থায়ী চৌকি স্থাপন করে যানবাহনে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ি দিক থেকে আসা সন্দেহজনক একটি ইজিবাইক সেখানে পৌঁছালে থামানো হয়। এতে গাড়ীটিতে যাত্রীবেশী নারী লাইলা ও গুলবাহারের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশী করা হয়।
” এসময় ওই দুই নারীর শরীরে অভিনব কৌশলে পেঁচানো অবস্থায় পাওয়া যায় ৭৬ হাজার ইয়াবা। “
র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ পরে আটক দুই নারীর দেয়া তথ্য মতে- শনিবার বিকালে রামুর বৌদ্ধ বিহার সড়কের চৌমুহনী বাজারের রহিম কমপ্লেক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে হাজেরা খাতুন নামের এক বৃদ্ধাকে আটক করা হয়। আটক বৃদ্ধার দেহ তল্লাশী করে পাওয়া যায় ৪৪ হাজার ইয়াবা। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান, সহকারি পুলিশ সুপার আ. ম, ফারুক।