মঙ্গলবার, মে ৫, ২০২৬

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

রাজধানীর শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ওই দিনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি এ ঘটনাকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে শাপলা চত্বর অভিযান ২০১৩-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।’

বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত— সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতির শেষাংশে শফিকুর রহমান দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত