সোমবার, মার্চ ১৬, ২০২৬

শিশুকে দুধ খাওয়ানোর জায়গা করছেন ‘ব্যাচেলর পয়েন্টে’র পলাশ

চিটাগং ট্রিবিউন ডেস্ক

এই সময়ের অভিনেতাদের মধ্যে জিয়াউল হক পলাশের সাফল্য ঈর্ষণীয়। তবে জনপ্রিয়তার স্রোতে ভেসে না গিয়ে তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠান ডাকবাক্স ফাউন্ডেশন থেকে কয়েক বছর ধরেই নিয়মিত মানবসেবা করছেন। এবার নিলেন অনন্য এক উদ্যোগ।

ডাকবাক্সের উদ্যোগে চট্টগ্রামে তৈরি হচ্ছে ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’। এরই মধ্যে শুরু হয়েছে নির্মাণকাজ। বাস্তবায়নে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

 

মায়েদের জন্য পলাশের অনন্য উদ্যোগশহর বা জনবহুল এলাকাগুলোতে এমন কোনো জায়গা নেই, যেখানে কোনো নারী তাঁর সন্তানকে দুগ্ধ পান করাতে পারেন।

মায়েদের এই কষ্টের কথা ভেবেই উদ্যোগটা নিয়েছেন পলাশ। প্রথম ব্রেস্ট ফিডিং সেন্টারের নাম দিয়েছেন ‘যতন’। এটি চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ এলাকায় নির্মিত হচ্ছে। সেন্টারের জন্য ডাকবাক্সের নামে জায়গা বরাদ্দ দিয়েছে সিটি করপোরেশন।
পলাশ বলেন, ‘এটা আমার ড্রিম প্রজেক্ট। অনেক দিন ধরে এই কাজটির পেছনে লেগে ছিলাম। চট্টগ্রামে পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় এই সেন্টার হবে। নতুন ব্রিজ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, পতেঙ্গা, আগ্রাবাদ ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে বরাদ্দকৃত এই জায়গাগুলোতে আমরা নির্মাণকাজ শুরু করলাম।
প্রথম সেন্টারের কাজ অনেকখানি এগিয়েছে। আমি নিজে থেকেই অনেক স্বপ্ন আর সাহস নিয়ে এ প্রজেক্ট শুরু করলাম।’ পাশাপাশি অন্যদের কাছ থেকেও এই প্রকল্পে সহযোগিতা আহবান করেছেন পলাশ। সবার সমর্থন পেলে এ রকম জরুরি প্রকল্প দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

 

সর্বাধিক পঠিত