বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম

চিটাগং ট্রিবিউন ডেস্ক

ধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই নতুন যাত্রার কথা ঘোষণা করেন।

শফিকুল আলম জানিয়েছেন, তিনি নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে সম্পাদক হিসেবে যোগদান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংয়ের দাপ্তরিক দায়িত্ব শেষ হয়।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেছিলেন। সেখানে শফিকুল আলম স্পষ্টভাবে জানিয়েছিলেন, দায়িত্ব শেষে তার পুনরায় সাংবাদিকতায় ফেরার প্রবল ইচ্ছা রয়েছে।

প্রেস সচিবের পাশাপাশি উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও তাদের পুরনো পেশা সাংবাদিকতায় ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। ফয়েজ আহম্মদ জানিয়েছিলেন যে, নতুন সরকার গঠন পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন এবং এরপর তিনি নতুন চাকরির জন্য প্রস্তুত থাকবেন।

সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তার পরিকল্পনার বিষয়ে জানিয়েছিলেন, তিনি আগে সাংবাদিকতা করতেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ কারণে কিছুদিনের বিরতি নিয়ে তিনি তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছিলেন।

ব্রিফিংয়ে অনুপস্থিত থাকলেও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার সহকর্মীদের মাধ্যমে জানিয়েছেন, তিনিও পেশাদার সাংবাদিকতায় ফিরবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই চারজন সদস্য নিয়মিত প্রেস ব্রিফিং পরিচালনা করতেন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করার দায়িত্ব পালন করতেন।

শফিকুল আলমের এই নতুন দায়িত্ব গ্রহণ সাংবাদিক মহলে বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার নতুন কর্মস্থলে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে প্রেস উইংয়ের অন্য সদস্যদের সাংবাদিকতায় ফেরার সিদ্ধান্ত পেশাদারত্বের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। আজ থেকেই শফিকুল আলম তার নতুন দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত