সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওর প্রবাসী নুরুল আলমের মর্মান্তিক মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধিঃ
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী নুরুল আলম (৩২)। তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
বাংলাদেশ সময় আজ শনিবার (১৬ মে) ভোররাতে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত নুরুল আলম ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার আলতাজ আহমদের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, নুরুল আলম দীর্ঘ দিন ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন কর্মস্থল থেকে সড়ক পথে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পথিমধ্যে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাই জানে আলম জানান, আকস্মিক এই অবর্ণনীয় ক্ষতিতে পুরো পরিবার দিশেহারা। বর্তমানে ভাইয়ের মরদেহ সৌদি আরব থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করাসহ যাবতীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চলছে।
এদিকে রেমিট্যান্স যোদ্ধা নুরুল আলমের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।