Monday, June 29, 2026

হরমুজ সংকট নিরসনে মঙ্গলবার দোহায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সংঘাত প্রশমনে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি প্রধান আলোচ্য হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ওয়াশিংটন সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র বা ইরান।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার পর নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত পূরণ না করায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন না হলে আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পরিচালনা ও স্বাভাবিক রাখার দায়িত্ব একমাত্র ইরানের। এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, আগ্রাসন ও ‘শিশুহত্যার’ অভিযোগ তুলে তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত