
চিটাগং ট্রিবিউন ডেস্ক
রেললাইনের পাশে পড়ে ছিল মাথাবিহীন নিথর দেহ। ঈদে মেহেদিতে রাঙানো হাতে লেখা ‘হোসাইন’। আর প্যান্টের পকেটে থাকা চিরকুটে লেখা- ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’ অস্বাভাবিক মৃত্যুর আগে এমন চিরকুট লিখেছেন আতিক হোসাইন (২৩) নামের এক যুবক।
রোববার (৩১ মে) সকালে রংপুরের পীরগাছা উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতিক হোসাইন উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে। আজ ভোরে ট্রেনের নিচে মাথা দিয়ে অস্বাভাবিক মৃত্যুর পথ বেছে নেয় এই যুবক। তবে, ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয়রা মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে সেই যুবকের মাথাবিহীন নিথর দেহ। তার হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা—‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী বলেন, ইতোমধ্যে ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে।