জেলা ছাত্রদলের নতুন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়নের প্রতিবাদে ক্ষুদ্ধ নেতাকর্মিদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদল কমিটিতে ত্যাগীদের পদবঞ্চিত ও অবমূল্যায়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন পরবর্তী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় (৩ মে) জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কক্সবাজার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মিজানুল আলম।
এসময় তিনি বলেন, দীর্ঘ সতের বছর ফ্যাসিবাসী আন্দোলন, মিছিল-মিটিংয়ে তার উপস্থিতি ছিল সরব। এছাড়া দলের হয়ে আন্দোলন করে বিভিন্ন মিথ্যা মামলায় জেলেও যেতে হয়েছে; কিন্তু ছাত্রদলের কমিটিতে আমরা পদবঞ্চিত হলাম আজ।
সংবাদ সম্মেলনে মিজানুল আলম আরও বলেন, বর্তমানে যাকে সভাপতি করা হয়েছে তার বয়স এখন একচল্লিশ এবং নিজের বয়স ছয়ত্রিশ। ছাত্রত্ব না থেকেও তাকে সভাপতি করা হয়েছে। এছাড়া অন্যপদে যারা এসেছে তারা কখনো দলের হয়ে কাজ করে মামলা, হামলা ও জেলে যায়নি।
তার দাবি, এই কমিটিতে যোগ্যদের অবমূল্যায়ন করেছে। তাই দলীয় সিনিয়র নেতাকর্মীদের এই বিষয়ে আবারও বিবেচনা করা উচিত মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনের পরপরই মিজানুল আলমের সমর্থিত নেতাকর্মিরা কক্সবাজার শহরের প্রধান সড়ক ঘুনগাছ তলায় এসে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় একঘন্টা ধরে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন এসে নেতাকর্মীদের শান্ত করেন এবং সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শনিবার মধ্যরাতে কেন্দ্র ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটিতে ফাহিমুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যদের একটি কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রে পদবঞ্চিত ও তাদের অনুসারীদের মধ্যে নানা অসন্তোষের জন্ম দেয় এবং ক্ষোভ প্রকাশ করেন।
পদবঞ্চিত অনেকে মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হয়েছে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি। কিন্তু কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান আর সাধারণ সম্পাদক করা হয়েছে সাঈদ আনোয়ারকে। তারা দুজনই স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুসারী হিসেবে রাজনীতি করেন। একই সাথে ৬ জনের কমিটিতে বাকি ৪ জনও একই ঘরানার।
এদিকে কমিটিতে ঠাঁই পাবেন সেই আশায় দীর্ঘ সময় ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকলেও সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটিতে ঠাঁই হয়নি বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলপন্থী কারোরই। ফলে ক্ষোভ আর হতাশায় কেউ কেউ ছাত্রদলের রাজনীতিকে বিদায় জানাচ্ছেন। হতাশার কথা তুলে ধরে কেউ কেউ আবেগঘন স্ট্যাটাসও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।