নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে রোহিঙ্গা এক জেলে গুলিবিদ্ধ

ভ্রাম্যমান প্রতিনিধি,
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরাকান আর্মির ছোঁড়া গুলিতে রোহিঙ্গা এক জেলে গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ছোটবিল সীমান্তে এ ঘটনা ঘটেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ নাফ নদী সংলগ্ন টেকনাফ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. আইয়ুব (২৮) উখিয়া উপজেলার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪-ব্লকের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।
গুলিবিদ্ধ জেলের বরাতে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার মো. আইয়ুব সহ কয়েকজন জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে বগারদিয়া নামক এলাকা পর্যন্ত পৌঁছায় এসব জেলেরা। এসময় আরাকান আর্মি তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে জেলে মো. আইয়ুব ডান হাতে গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ রোহিঙ্গা জেলে হোয়াইক্যং ইউনিয়নের বিজিবির ছোটবিল পোস্টের নিকট পৌঁছালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তিনি।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে প্রবেশ না করতে স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের মধ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।