বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নাফ নদী থেকে আবারও ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মির

টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বিজিবি ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনার ঘোলারচর এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। দুপুর প্রায় ২টার দিকে তারা তীরে ফেরার পথে মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন-আহমেদ আলী (৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), নুর আহমদ ওরফে গুড়া মিয়া (৬৫) এবং আব্দুল মোতালেব (৩৮)।
তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার বাসিন্দা। একই পরিবারের তিন সদস্য অপহৃত হওয়ায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
আহমেদ আলীর স্ত্রী মুন্নী আক্তার বলেন, “পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে আমরা এখন অসহায় হয়ে পড়েছি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।
তারা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ সমন্বয়ে জেলেদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় টেকনাফ উপকূলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় জেলেরা বলছেন, অতীতেও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বহু বাংলাদেশি জেলে একইভাবে অপহরণের শিকার হয়েছেন, যা সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সর্বাধিক পঠিত