
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসে প্রথমবারের মতো আয়োজিত মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রোববার (২৮ ডিসেম্বর) বিকালে প্যারিসের ১৮তম অ্যারোন্ডিসমেন্টের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান আহমদ, নুসরাত উদ্দিন ও রাবেয়া আক্তার সুবর্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বাংলাদেশিরা একটি পরিশ্রমী ও সাহসী জাতি। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে অনুষ্ঠানের শুরুতে ডা. পিনাকী ভট্টাচার্য বিপুলসংখ্যক অনুসারী নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত একটি দল তাকে প্রতিহত করার চেষ্টা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্যোগ নেয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফরাসি পুলিশ হস্তক্ষেপ করে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আওয়ামী লীগ কর্মী আলী আক্কাসকে গ্রেফতার করে।
পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্যে ফরাসি পুলিশের সহযোগিতায় ডা. পিনাকী ভট্টাচার্যের অংশগ্রহণে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স ও ফ্রান্স আওয়ামী লীগের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, খন্দকার হোসাইন, এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, ব্যবসায়ী তানজীম হায়দার, এফবিজেএ মুখপাত্র ও ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, কমিউনিটি নেতা ওবায়দুল্লাহ কয়েছ, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত খান এবং দ্য জার্নাল সম্পাদক ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি বংশোদ্ভূত পেশাজীবী ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন দিয়ান আশরাফ, বেগম জামিলা, রিতা তালুকদার, ব্রিয়ান খন্দকার, আফনান খান, ডা. শাহ মারজান, সাইমা আব্দুল্লাহ, শাহ জামসেদ, ইমরান চৌধুরী ও এন. কে. নয়ন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্যারিস শিল্পী গোষ্ঠীর আয়োজনে গান, কবিতা, কৌতুক ও নাটিকার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
