
চিটাগং ট্রিবিউন ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির সীমানা বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে মোহাম্মদ হাছান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাছান সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও এলাকার মো. বশির আমাদের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি হিসেবে পরিচিত। তার ৪ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও মাদবী এলাকার দুই ভাই মো. বশির আহমদ ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আবার দুই ভাইয়ের মধ্যে চলাচলের রাস্তা ও সীমানা বিরোধ নিয়ে তর্ক-বিতর্ক ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় নাছিরউদ্দিনের পক্ষের লোকজন লাঠি দিয়ে বশিরের ছেলে হাছানের মাথায় আঘাত করেন। এতে হাছান গুরুতর আহত হন। সংঘর্ষে বশির আহমদও আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় হাছানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে হাছানের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাস্থলে রয়েছি। সীমানা বিরোধ নিয়ে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত হাছানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
