মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নছিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নছিমনের এক চালক নিহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাহাবুবর রহমান।
নিহত মো. নয়ন উদ্দিন (২১) কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে মাহাবুবর রহমান বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর রডবোঝাই একটি নছিমন গাড়ী নিয়ে নয়ন উদ্দিন চকরিয়ার বদরখালী হয়ে মহেশখালী যাচ্ছিল। ভোররাত সাড়ে ৪ টার দিকে চকরিয়ার মালুমঘাট এলাকায় পৌঁছলে নছিমন গাড়ীটির ডানপাশের একটি চাকা পাংচার হয়ে যায়। তাৎক্ষণিক তিনি গাড়ীটি থেকে নেমে চাকাটি দেখভাল করছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ী তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় নয়ন উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি পুলিশ জব্দ করেছে।
ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
মাহাবুবর রহমান জানান, ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।