লামায় চালু হচ্ছে ‘পার্বত্য এম্বুলেন্স’

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স অচল থাকায় জরুরি রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর সমাধান হয়নি।
এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে লামাবাসীর জন্য নতুন অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংবাদিক নজরুল ইসলাম। তার প্রতিষ্ঠান মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ-এর নতুন সংযোজন হিসেবে শিগগিরই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘পার্বত্য এম্বুলেন্স’।
নতুন এই সেবায় থাকছে আধুনিক জাপানি স্ট্রেচার, অক্সিজেন সুবিধা, অভিজ্ঞ চালক এবং স্বল্প খরচে রোগী পরিবহনের ব্যবস্থা। লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও আশপাশের এলাকার রোগীদের দ্রুত ও নিরাপদে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়াই হবে এই সেবার মূল লক্ষ্য।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি অ্যাম্বুলেন্স সংকটের সময়ে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি রোগী পরিবহনে ‘পার্বত্য এম্বুলেন্স’ নতুন আশার সঞ্চার করবে।
উদ্যোক্তা সাংবাদিক নজরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি। অনেক সময় শুধু একটি অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের দুর্ভোগে পড়তে হয়েছে। সেই বাস্তবতা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করেছি। সেবার মান বজায় রেখে স্বল্প খরচে নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার চেষ্টা থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, ‘পার্বত্য এম্বুলেন্স’ চালুর মাধ্যমে লামা উপজেলায় জরুরি স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।