লামায় শিক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় সরকারি সফরে এসে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
সোমবার (১১ মে) তিনি লামায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, লামা থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. শাহজাহান কামাল এবং লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সফরকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি লামা পৌরসভার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে এসে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, অফিস কক্ষ, শৌচাগারসহ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। তাদের পড়াশোনা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। বিদ্যালয়ের সুন্দর পরিবেশ, পরিচ্ছন্নতা ও শিক্ষার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে উপজেলার শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিদায় নেন।