
চিটাগং ট্রিবিউন
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ ভেসে এসেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট অংশ থেকে অজ্ঞাত মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সৈকতের তীরে দু’টি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,’ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
ওসি আরও জানান, ‘মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এলাকার স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
