শনিবার, মে ৯, ২০২৬

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের হুমকি, যা বলছে চীন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
চীন সরকার ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালির সংকটময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা একটি ‘ভয়াবহ দুষ্টচক্র’ তৈরি করবে, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, সংঘাত অব্যাহত থাকলে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল চরম বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি এবং সামরিক হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে লিন জিয়ান এই মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, কোনো সমস্যার সমাধানে শক্তির ব্যবহার কেবল প্রতিহিংসার জন্ম দেয় এবং পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তোলে। চীনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না।
বেইজিং এখন সব পক্ষকে অবিলম্বে অস্ত্র বিরতি দিয়ে আলোচনার টেবিলে ফিরে আসার এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের তাগিদ দিচ্ছে।
সূত্র: আলজাজিরা।

সর্বাধিক পঠিত