Friday, June 26, 2026

আগামী ৪ জুলাই বান্দরবান সদরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান ( সদর ) প্রতিনিধিঃ
“সুস্থ চোখ, সুন্দর জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবান সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বৃহৎ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
আগামী ৪ জুলাই বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ক্যাম্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা-এর উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা প্রদান করবেন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’।
এদিকে, চক্ষু চিকিৎসা ক্যাম্পটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার ( ২৬ জুন ) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন কার্যালয়ে এক সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমার সভাপতিত্বে সভাটি অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন হয়।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি উছোমং মার্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সম্মানিত সদস্য বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, সাইফুল আলম এবং রাজবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও কার্বারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ভৌগোলিক দুর্গমতার কারণে পার্বত্য অঞ্চলের বহু মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। তাই প্রত্যন্ত ও পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষকে এই ক্যাম্প থেকে চক্ষু সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়। একই সাথে ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার অনুরোধ জানান বক্তারা।

সর্বাধিক পঠিত