Friday, June 26, 2026

কক্সবাজারে নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
‘বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা এবং উদ্ভাবনী সমাধান’ এ প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচী।
পরে একটি মাদকবিরোধী র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। এরপর সেখানে বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নতুন প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে সকলকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কুপ্রভাব থেকে মুক্ত করতে জেলায় আরো মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি, বেসরকারি, সকল সংস্থা এবং এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্টিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভাশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত