ঈদগাঁওতে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি ড্রেসিং, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও বাজারের মুরগির দোকানগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মুরগি ড্রেসিংয়ের কাজ। দীর্ঘক্ষণ একই ড্রামের পানিতে শত শত মুরগি প্রক্রিয়াজাত করায় সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
সরেজমিনে ঈদগাঁও বাজারের বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায়, অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে মুরগি ড্রেসিংয়ের কাজ চলছে। একই ড্রামের ফুটন্ত নোংরা পানিতে সারাদিন শত শত মুরগি চুবিয়ে পালক ছাড়ানো হচ্ছে। বারবার মুরগি ভেজানো হলেও সেই পানি পরিবর্তন করা হচ্ছে না। ড্রেসিং মেশিনের চারপাশ ও মেঝেতে জমে আছে রক্ত এবং ময়লার স্তূপ। এমনকি ঝাড়ু ও অন্যান্য ময়লাযুক্ত সরঞ্জাম ড্রেসিং মেশিনের পাশেই পড়ে থাকতে দেখা গেছে।
বাজারে আসা সাধারণ ক্রেতারা জানান, নিরুপায় হয়েই তাদের এসব মুরগি কিনতে হচ্ছে। এক গৃহিণী অভিযোগ করে বলেন, “বাজারের প্রায় সব দোকানের চিত্র একই। ড্রেসিংয়ের পরিবেশ এতই নোংরা যে তা খালি চোখে দেখা যায় না। কিন্তু উপায় না থাকায় বাধ্য হয়ে আমাদের এই অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রিত মাংসই খেতে হচ্ছে।”
অন্য একজন ক্রেতা বলেন, “পছন্দমতো মুরগি কিনে জবাই করার পর তা যখন ড্রেসিং করতে দেওয়া হয়, তখন পরিবেশ দেখে ঘৃণা লাগে। প্রশাসন যদি নিয়মিত অভিযান চালাত, তবে ব্যবসায়ীরা জনস্বাস্থ্য নিয়ে এমন ছিনিমিনি খেলার সাহস পেত না।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঈদগাঁওতে এভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মাংস বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। যথাযথ তদারকির অভাবে ব্যবসায়িরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
ভোক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন সমাজ অনতিবিলম্বে ঈদগাঁওর বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।