রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযান, ২৮২ রাউন্ড গুলি উদ্ধার

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ২৮২ রাউন্ড গুলির একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে গেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ সংলগ্ন বাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীর দল একটি দা ও গোলাবারুদ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও একটি দেশীয় দা উদ্ধার করা হয়। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জহিরুল ইসলাম আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

সর্বাধিক পঠিত