ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারীর ‘টার্গেট’ কারা ছিলেন, যা জানা গেল

চিটাগং ট্রিবিউন ডেস্ক
নিরাপত্তা সংস্থার সদস্যরা নৈশভোজ অনুষ্ঠানের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ওই হামলাকারী নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে ঢোকার আগে প্রবেশমুখের কাছে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করেন। এ সময় তাকে বাধা দেয়ায় সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস ও আইনপ্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যরা হামলাকারীর গুলি বিনিময় হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের হিল্টন হোটেলের তল্লাশি পয়েন্টের কাছে শর্টগান থেকে সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে প্রথম গুলি চালান হামলাকারী। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে জাপটে ধরে ফেলেন এবং গ্রেপ্তার করেন। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা নৈশভোজ অনুষ্ঠানের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন।
সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ব্লাঞ্চ আরও জানান, ‘ধারণা করা হচ্ছে হামলাকারী প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছিলেন, যার মধ্যে সম্ভবত প্রেসিডেন্টও ছিলেন।’ তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটনে এসেছেন।