কক্সবাজারে হামের উপসর্গে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে হামের উপসর্গে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে; এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।
রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
ভুক্তভোগী শিশু নুর আসমা ( ১৬ মাস ) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে।
ডা. ছাবের বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাবের প্রথমদিকে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত এক মাসে সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকায় হামের উপসর্গে কোন শিশুর মৃত্যু ঘটেনি। কিন্তু গত সপ্তাহখানেক আগে জ্বর, কাশি ও খিঁচুনির মত উপসর্গ নিয়ে নুর আসমা নামের রোহিঙ্গা এক শিশু কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটনায় ওই শিশু মারা যায়।
এ নিয়ে রোহিঙ্গা দুই শিশুসহ জেলায় হামের উপসর্গের মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়ালো বলে জানান তিনি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত ১ জানুয়ারী থেকে জেলায় হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৬১ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ৩ হাজার ৭৫৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৩ জন।