চকরিয়ায় মসজিদে আবাসিকের শয়নকক্ষ থেকে ইমামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মুসল্লিরা মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, “মাওলানা ইদ্রিস দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য খুবই মর্মান্তিক ও রহস্যজনক। এলাকাবাসী ঘটনাটি নিয়ে শোকাহত।”
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কারণ, তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে কেউ প্রবেশ করেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।”