
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, এখন যেহেতু সরকারে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, এনসিপিও সরকারে যেতে চায়, জামায়াতও সরকারে যেতে চায়, বিএনপিও সরকারে যেতে চায়। আপনি কার মন রক্ষা করবেন? আপনি যার মন রক্ষা করতে পারবেন না আপনার প্রতি তারা অসন্তুষ্ট হবে।
তিনি আরও বলেন, গতকাল (১৯ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমার এক সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে। বিএনপির কেন জানি মনে হচ্ছে আমরা তাদের পক্ষে লিখছি না। আমার সহকর্মীর ওপর যে আঘাত হয়েছে, আমি মনে করি সে আঘাত আমাকে করা হয়েছে। আমার সহকর্মীর ওপর আঘাত আর আমার ওপর আঘাতের কোনো পার্থক্য আমি দেখি না।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, আমাদের এডিটোরিয়াল প্রসেস খুব সহজ ছিল। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতাম।
এখন যাদের সম্পর্কে লিখতে হবে তারা সবাই জুলাইযোদ্ধা। বিএনপি জুলাইযোদ্ধা, জামায়াত জুলাইযোদ্ধা, এনসিপি তো জুলাইয়ের মহানায়ক। এনসিপি তো জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে। এই যোদ্ধাদের বিরুদ্ধে যখন আমি লিখব, তখন পেশাদারিত্বের সঙ্গে লিখতে গেলে তাদের কারও না কারও সমালোচনা তো করতে হবে। কারণ সবাই তো আর সঠিক কাজ করে না। আমি নিজেও তো সঠিক কাজ করি না। সংবাদপত্রের কাজটা এমনই, লিখতে হয়। লিখতে গিয়ে আমরা অনেক শত্রু বানিয়েছি।
