শুক্রবার, মে ১, ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ নানা পণ্য জব্দ

রামু প্রতিনিধি 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও ১১টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ফুলতলী, হাতিমারাঝিড়ি, লেম্বুছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, ছাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ফ্লোর ম্যাট, পশুখাদ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্য। এছাড়া মালিকবিহীন অবস্থায় ১১টি বার্মিজ গরুও উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মালামাল ও গরুর আনুমানিক মোট মূল্য ধরা হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ফলে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত